শিবগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এই অনিয়মের পেছনে সেই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার জড়িত বলে ভুক্তভোগীদের অভিযোগ। টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষ হচ্ছেন বঞ্চিত।

এই বিষয়ে ভাইস চেয়ারম্যান মোসাঃ আইরিন প্রতিবাদ করায় বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান সহ সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মিডিয়াকর্মীদের উপর চড়াও হয়।

সরজমিনে গিয়ে দেখা গেছে,
দাইপুকুরিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ৩০ মার্চ রবিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণ চলছিল। তবে স্মার্ট কার্ডধারী অনেক গ্রাহক নির্ধারিত পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রকৃত সুবিধাভোগীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও টিসিবির নির্ধারিত পণ্য পাননি অনেকেই। অপরদিকে, কিছু আওয়ামী পন্থী প্রভাবশালী ব্যক্তি বেশি পরিমাণে পণ্য সংগ্রহ করছেন, যা বিতরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমি কার্ড দেখিয়ে পণ্য নিতে গিয়েছিলাম, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পরও পণ্য পেলাম না। অথচ অনেকেই বেশি পণ্য নিয়ে যাচ্ছেন।
কয়েকজন গণমাধ্যমকর্মী টিসিবি পণ্য বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে চেয়ারম্যান আলমগীর ও মেম্বার তাদের সাথে দুর্ব্যবহার করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এমন আচরণে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, টিসিবি পণ্য বিতরণে অনিয়ম বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টিসিবি পণ্য বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি নজরদারি বাড়াতে হবে।

সাধারণ মানুষ আশা করছেন, সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে আর কোনো অনিয়ম না করতে পারে এবং প্রকৃত সুবিধাভোগীরা তাঁদের ন্যায্য অধিকার পান।

দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ