সারা দেশের মত রাজশাহীতেও সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ হামলা ও মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরোও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ারি জানানো হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে রাজশাহীর গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি রাজশাহী জেলা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম।
মানববন্ধন থেকে রাজশাহী’র বাঘা উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা ও দূর্গাপুরের সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের প্রত্যাহার চাওয়া হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র ঢাকা থেকে আগত নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দূর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দূর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যান সাংবাদিকরা। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীদের ইন্ধনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ, ফাঁসানোসহ হয়রানি করেন। যার ফল স্বরূপ দূর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা নাশকতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের উপর হামলার আসামী গ্রেফতার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করেন বক্তারা। দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয়।
বক্তারা মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আনন্দোলনের ঘোষণা দিবেন রাজশাহীর সাংবাদিকরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফডিআর ফায়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, শফিকুল ইসলাম ইমন, আক্তার হোসেন হিরা প্রমুখ । এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
