চাঁপাইনবাবগঞ্জের শিমুলতলা বালুচর এলাকায় এক ইমামকে ছুরিকাঘাতের জের ধরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার তরিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজু (৩৫)।
জানা যায়, সকালে নদী পারাপারের সময় শিমুলতলা বাইতুল নুর জামে মসজিদের ইমাম মো. হোসেনকে হাঁসুয়ার কোপ দেয় মিজানুর রহমান মিজু। এসময় ইমামকে বাঁচাতে গেলে হারুন নামের আরেক যুবককে আঘাত করে মিজু। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। পুলিশ আহত অবস্থায় উদ্বার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, আহত ইমাম মো. হোসেন ও হারুনকে স্থানীয়রা উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম জোবায়ের হোসেন।
